স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী শনিবার (১১ জুলাই) এর মধ্যে বাধ্যতামূলকভাবে লেবার রুম (ডেলিভারি রুম) স্থাপনের নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, “নরমাল ডেলিভারিতে উদ্ভুদ্ধ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে দাইরা বাচ্চা প্রসবে সহযোগিতা করতেন, সেটা ছিল গ্রামের সৌন্দর্য। আজকে সেই গ্রামে পদ্ধতিটা নেই। দেশ উন্নত হচ্ছে।”
তিনি অভিযোগ করেন, কিছু বেসরকারি ক্লিনিক ও দালালচক্র গর্ভবতী নারীদের ভয়ভীতি দেখিয়ে সিজারিয়ান করাতে উদ্বুদ্ধ করছে। এই প্রবণতা থেকে জাতিকে রক্ষা করতে সরকার কঠোর পদক্ষেপ নেবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চিকিৎসকরা মানুষের কাছে আল্লাহর পর সবচেয়ে বড় ভরসার জায়গা। তাই চিকিৎসা পেশায় নৈতিকতা আরও শক্তিশালীভাবে বাস্তবায়ন করা প্রয়োজন। তিনি জানান, সব বেসরকারি ক্লিনিকে মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগও বাধ্যতামূলক করা হবে। এতে গর্ভবতী নারীরা স্থানীয় পর্যায়ে সঠিক পরামর্শ পাবেন এবং স্বাভাবিক প্রসবে উৎসাহিত হবেন।
মাতৃস্বাস্থ্য ও শিশু পুষ্টির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দেশে অপুষ্টি, অল্প বয়সে বিয়ে এবং মায়েদের দুর্বল স্বাস্থ্য শিশুদের নানা জটিল রোগের ঝুঁকি বাড়াচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় মিডওয়াইফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকার চলতি বছর স্বাস্থ্যখাতে এক লাখ নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে প্রায় ৮০ হাজার নারী নিয়োগ দেওয়া হবে, যাদের একটি বড় অংশ মিডওয়াইফ হিসেবে কাজ করবেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, গত দুই মাস ধরে উপজেলা পর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ চলছে। আগামী সাত দিনের মধ্যে মশার লার্ভা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ট্যাবলেট সরবরাহ করা হবে। হাসপাতালে পর্যাপ্ত শয্যা ও মোবাইল সেবার ব্যবস্থা করা হয়েছে। স্যালাইনের সরবরাহও এখন পর্যাপ্ত। জ্বর কমে গেলেও চিকিৎসক সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কোনো রোগীকে ছাড়পত্র দেওয়া হবে না বলে নির্দেশ দিয়েছেন তিনি।
তিনি দাবি করেন, গত বছরের তুলনায় বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি ভালো অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির (বিএমএস) সভাপতি রোজিনা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় সংগঠনের সাধারণ সম্পাদক হাসনা আখতার এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার হালিমা আখতারসহ অনেকে উপস্থিত ছিলেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “আগামী ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর”